সেতারা খানম পেশায় একজন গৃহিণী। পারিবারিক কাজের পাশাপাশি তিনি দর্জির কাজও করে আসছেন অনেকদিন ধরে। বাণিজ্যিক ভিত্তিতে এ কাজ করার জন্য একটি দোকান নিয়ে তাতে কাপড় ওঠানোর কথা চিন্তা করছেন দীর্ঘদিন ধরেই। কিন্তু সাহস পাচ্ছিলেন না। পরে এ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে এখন তিনি একটি দোকান দিয়েছেন এবং সেখানে উঠিয়েছেন কাপড়।
আমেনা বেগম শুরু করেছেন ইলেকট্রনিক পণ্যের ব্যবসা। শহর থেকে ইলেকট্রনিক সামগ্রী কিনে এনে গ্রামে খুচরা বিক্রি করেন তিনি। এখন অবশ্য বাড়িতেই এ বিক্রির কাজ চলে। কিছুদিন পরে এ ব্যবসার জন্য একটি দোকান নেয়ার কথা ভাবছেন তিনি। শিগগিরই তা নিতে পারবেন বলেও আশাবাদ তার। একইভাবে ছকিনা বেগম কিনেছেন গাভী, জাহিদা খাতুন স্বামীকে কিনে দিয়েছেন অটোরিকশা, তারাবানু নিজেই করছেন কাপড়ের ব্যবসা, হাসিনা খাতুন দোকান দিয়েছেন মুদি ও ফাস্টফুডের, ফাতেমা বেগম শুরু করছেন কাঠের ব্যবসা। রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের নারীদের জীবনের গল্প এসব। এখানকার গ্রামীণ নারীরা গৃহবধূর পাশাপাশি হয়ে উঠছেন উদ্যোক্তা। নতুন নতুন ব্যবসা করে চলছেন নিজেরা। চালাচ্ছেন তাদের সংসার। এসব নারীকে উদ্যোক্তা হতে সহায়তা করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও)। এনজিওগুলো নারীদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে মূলধন দিয়েও সহায়তা করছে। এসব এনজিওর মধ্যে একটি অন্যতম বুরো বাংলাদেশ। ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ শিরোনামে আধঘন্টা করে ছয় সপ্তাহে প্রশিক্ষণ পেয়েছেন নারীরা। এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
জানা গেছে, বুরো বাংলাদেশের প্রায় ১৩ লাখ কেন্দ্রভুক্ত সদস্য রয়েছেন যারা সংস্থা থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করতে আগ্রহী। এদের অনেকেই ব্যবসার কৌশল, পণ্যের বাজার যাচাই, চাহিদা সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ, হিসাব রক্ষণ, পুঁজি ও কর্মী ব্যবস্থাপনাসহ ব্যবসা ব্যবস্থাপনার সার্বিক বিষয় সম্পর্কে ততটা দক্ষ নয়। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসার পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে সদস্যদের সামর্থ্য উন্নয়নে বুরো বাংলাদেশ এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইড একটি চুক্তি স্বাক্ষর করে। সে অনুযায়ী নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলের ১০০টি শাখায় ৫০০ জন সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরে প্রশিক্ষিত এসব মাঠকর্মী অন্যদের শিক্ষা দেয়। এভাবে এক লাখ সদস্য এ প্রশিক্ষণ পেয়েছে। প্রশিক্ষণ পাওয়া নারী সদস্যরা ব্যবসা শুরু করতে সক্ষম হয়েছে।
