ঠাকুরগাঁওয়ে ভুট্টার দাম না পাওয়ায় চাষিরা হতাশ

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:২৯
ঠাকুরগাঁওয়ে চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টা ওঠার শুরুতে চাষিরা ভালো দাম পেলেও বর্তমানে ভুট্টা বিক্রি হচ্ছে একেবারেই কম দামে। অনেক চাষি ভুট্টা শুকিয়ে বাড়িতেই রেখে দিচ্ছেন। অন্যদিকে ভুট্টার দাম কম হওয়ায় স্থানীয় মহাজনরা ভুট্টা মজুদ করা শুরু করেছেন। কৃষি অফিস ও ভুট্টা চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরে ঠাকুরগাঁও জেলায় প্রায় ১২ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৪৫ মণ হারে ভুট্টার ফলন হলেও বাজারে গত বছরের তুলনায় কম দামে ভুট্টা বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি মণ ভুট্টা বিভিন্ন হাট-বাজারে ৮ শ’ টাকা থেকে সাড়ে ৯শ’ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘা জমিতে ৬ থেকে ৭ হাজার টাকা উত্পাদন খরচ এবং জমি লিজ বাবদ ভুট্টা চাষিদের মোট ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর প্রতিমণ ভুট্টা এ সময় ১১ শ’ টাকা থেকে ১২ শ’ টাকায় বিক্রি হলেও এ বছর উত্পাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের। অধিকাংশ চাষিই জমি থেকে ভুট্টা তুলছেন না। জেলার ভুট্টা চাষি খাদেমুল ইসলাম ও সেরেকুল জানান, গতবারের তুলনায় অনেক কম দামে বর্তমানে ভুট্টা বিক্রি হচ্ছে। ভুট্টা পাকার পরও বাজারে দাম না থাকায় জমিতেই রেখে দিয়েছেন অনেকে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কমল কুমার সরকার জানান, এ বছর জেলায় ১২ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। তবে দাম প্রসঙ্গে তিনি কিছু বলেননি।