গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আটক ৩

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩২
গোপালগঞ্জ সদর উপজেলার চর তালা গ্রামে গতকাল শুক্রবার এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ৩টি বাড়িঘরে ভাংচুর চালানো হয়। এ ঘটনায় পুলিশ হালিম শেখ, আঞ্জুয়ারা বেগমসহ ৩ জনকে আটক করেছে। নিহত আব্দুল্লাহ শেখ (৪২) চরতালা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। গোপালগঞ্জ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানিয়েছে, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে চরতালা গ্রামের নান্নু ও টুকুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নান্নু গ্রুপের লোকজন টুকু গ্রুপের লোকজনকে মারপিট করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ৬টার দিকে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল্লাহসহ ৫ জনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আব্দুল্লাহ মারা যান। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।