সারিয়াকান্দিতে বিলীন প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্র

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৭
কর্তৃপক্ষের অবহেলার কারণে সারিয়াকান্দি উপজেলার চর চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক বছর আগে ২৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডি’র মাধ্যমে বিদ্যালয়ের দোতলা পাকা ভবনটি নির্মাণ করা হয় । অভিযোগ রয়েছে, কোন সম্ভাব্যতা যাচাই ছাড়াই দায়িত্বজ্ঞানহীনভাবে যমুনা ভাঙন এলাকায় সরকারের বিপুল পরিমাণ টাকা ব্যয়ে ওই বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়। এদিকে ভবনটি নদীগর্ভে বিলীন হতে থাকায় দায় এড়ানোর জন্য কর্তৃপক্ষ তড়িঘড়ি করে গত ৩০ জুন ইউএনও অফিসে নিলামের ডাক দেয়। নিলামে সর্বোচ্চ ৬২ হাজার টাকায় একজন ভবনটি ডেকে নেয়। পরে তিনি ভবনটি ভেঙ্গে নেয়ার সময় পাবেন না বলে প্রশাসনের কাছে দাবি জানালে তার জামানতের ৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। এলাকাবাসী জানান, এক বছর ধরে ভবনটি ভাঙনের কবলে পড়লেও নিলামের ব্যবস্থা করা হয়নি। সময়মত নিলামে দিলে ১০/১৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হতো বলে তাদের অভিমত । এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাজাহান জানান, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়টি রক্ষা করার চেষ্টা করেছেন বলে নিলাম ডাক দেয়া যায়নি। এখন কি করা হবে, নিলাম কমিটি সিদ্ধান্ত নেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খান বলেন, অনেক আগে নিলাম ডাকের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এলাকাবাসীর বাধার কারণে তা হয়নি। এখন ভবনটি নদীগর্ভে বিলীন হতে থাকায় কেউ ডাকে অংশ নিচ্ছে না ।