চলন বিলাঞ্চলে উত্পাদন কমায় বেড়েছে সবজির দাম

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৭
বৈরী আবহাওয়ার জন্য উত্পাদন কমায় চাটমোহরসহ চলন বিলাঞ্চলে বেগুনসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। দেশের অন্যতম প্রধান সবজি উত্পাদনকারী এই এলাকায় সারা বছরই নানা ধরনের সবজি চাষ হয়। সবজির হাটগুলো থেকে বিপুল পরিমাণ সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যায়। সবজি চাষি আক্কাস আলী জানান, এ বছর খরার কারণে অনেক বেগুন গাছ মরে যাওয়ায় বেগুনের উত্পাদন এমনিতেই কম হচ্ছিল। তারপর টানা বৃষ্টির জন্য বেগুনের ফুল পচে যায়। এতে ফল কম ধরছে। যে জন্য বেগুনের উত্পাদন কম হচ্ছে। চাষিরা জানান, এবার গরম ও পরপরই বৃষ্টির জন্য পটল গাছ পচে গেছে। ফুলও নষ্ট হয়েছে। যে কারণে পটলের উত্পাদন হ্রাস পেয়েছে। তাছাড়া মৌসুমের শেষ দিকে উচ্ছে বা করলার উত্পাদন কম হয়ে থাকে। ঢেঁড়স বা ভেন্ডিও বৃষ্টির কারণে কম ধরছে। ঝিঙ্গা ও চিচিঙ্গার উত্পাদনও বৈরী আবহাওয়ার জন্য কমেছে। ফলে বাজারে এসব সবজিরও সরবরাহ কমে গেছে। এদিকে কাঁচা মরিচের গাছ পুরান হয়ে যাওয়ায় নানা রোগ ধরেছে। এজন্য ফল কম ধরছে। বাজারে সরবরাহ কম হচ্ছে। নতুন লাগানো বেগুন, মরিচ গাছে ফল ধরা শুরু করলে দাম পড়ে যাবে বলে চাষিরা জানান।