ঝুঁকিপূর্ণ ভবনে ইসলামপুর পুলিশ ফাঁড়ি

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাঙ্গা ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে ইসলামপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম। জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ এখন আছে চরম নিরাপত্তাহীনতায়। জানা গেছে, ১৯৯৯ সালে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য তত্কালীন এফবিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলামের উদ্যোগে বুধন্তী ইউনিয়ন অফিসের ৩টি পরিত্যক্ত ভবনে ইসলামপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এখন এ ফাঁড়িতে একজন উপ-পরিদর্শক ও দু’জন হাবিলদারসহ ১৩ জন পুলিশ সদস্য ঝুঁকির মাঝে ফাঁড়ির কার্যক্রম পরিচালনা করছেন। সরেজমিনে দেখা গেছে, ১নং ও ২নং ব্যারাকের দুটি ছাদ দেয়া ভবনের বিভিন্ন দিক দিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং উপর থেকে ছাদের পলেস্তরা ঝরে পড়ছে এবং ৩নং ব্যারাকের টিনশেড ভবনটির চালা বিভিন্ন দিকে ফুটো থাকায় পলিথিন কাগজ দিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে চেষ্টা করছে পুলিশ সদস্যরা এবং মালখানা থেকে শুরু করে ৩টি ভবনেরই দরজা-জানালা ভাঙ্গা। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে ইসলামপুর ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, জীবন বাজি রেখে জনগণকে সেবা দেয়াই পুলিশের ধর্ম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য যোগাযোগ করা হয়েছে।