বীর মুক্তিযোদ্ধার চিকিত্সা হচ্ছে না অর্থাভাবে

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩৮
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা অর্থাভাবে নিজের চিকিত্সা করাতে পারছেন না বীর মুক্তিযোদ্ধা তারা মিয়া। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। প্রায় দু’বছর আগে তার বাম উরুতে একটি টিউমারের অপারেশন করা হয় দশজনের সহযোগিতা নিয়ে। এখন সেই উরুতে আবার দেখা দিয়েছে টিউমার। টিউমারের কারণে প্রচণ্ড ব্যথায় কাতর তারা মিয়া জানান, এটির আকার দিনদিন বড় হয়ে যাওয়ায় এখন হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছে। এই মুক্তিযোদ্ধা তাঁর দুরবস্থা তুলে ধরে আরও জানান, নিজের কোন জায়গা-জমি নেই। অন্যের জায়গায় ঘর তুলে বসবাস করছেন তিনি। দেশ স্বাধীনের পর থেকে এভাবে বসবাস করে আসছেন। মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে স্ত্রী, সন্তান নিয়ে কোনরকমে খেয়ে না খেয়ে চালান সংসার। এখন বয়স বেড়ে যাওয়ায় কোন কাজকর্মও করতে পারছেন না। চিকিত্সক পরামর্শ দিয়েছেন তাঁর টিউমারটি অপারেশন করতে কমপক্ষে ২০ হাজার টাকার প্রয়োজন।