নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়ানওপাড়া গ্রামের মোহাম্মদ ফারুক মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র শুক্কুর আলী (১২) নামে এক স্কুল ছাত্রের হত্যার ঘটনায় গ্রেফতারকৃত হুমায়ুন কবির, সোহাগ এবং শামীম মিয়া তাদের অপরাধ পুলিশের কাছে স্বীকার করেছে। তারা মুক্তিপণের জন্য শুক্কুর আলীকে অপহরণ করে এবং পরে হত্যা করে বলে জানায়।
গত ৯ জুন বিকেলে বাড়ির পাশের হাওর থেকে গবাদিপশু আনতে গিয়ে শুক্কুর আলী অপহূত হয়। পরে শুক্কুর আলীর বাবার কাছে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শুক্কুর আলীকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। এ ঘটনায় গত সোমবার কেন্দুয়া থানায় শুক্কুর আলীর পিতা একটি অপহরণ মামলা দায়ের করলে সোমবার রাতেই মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে উপজেলার রাজিবপুর তারাকান্দা গ্রামের হুমায়ূন কবীর নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পরে ওইদিন রাতেই হুমায়ুন কবীরের জবানবন্দি অনুযায়ী চিটুয়ানওপাড়া গ্রামের কলেজ ছাত্র সোহাগ ও একই গ্রামের শামীম মিয়াকে গ্রেফতার করা হয়।
