শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
কষ্টি পাথরের মূর্তি আত্মসাতের অপবাদ ও পারিবারিক অশান্তির কারণে শিবালয় উপজেলার চন্দ্র প্রতাব বাসাইল গ্রামের রতন চন্দ্র দে (৫০) নামে এক কৃষক গতকাল বৃহস্পতিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
একই গ্রামের উত্তম দাসের নিকট থেকে রতন দে ২০০৩ সালে আড়াই কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি পূজা করার কথা বলে নেয়। তা চাইতে গেলে রতন নানা টালবাহানা করতে থাকে। এ নিয়ে উত্তম গত ২৮ জুন থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে রতনকে পাওয়া যায়নি। এ ছাড়া, গত সাত মাস আগে রতনের একমাত্র পুত্র সুরেশ (২৫) প্রতিবেশী সেন্টু মিয়ার কন্যাকে নিয়ে পালিয়ে যাওয়ার মামলায় দীর্ঘদিন হাজতবাস করে। পারিবারিক অশান্তি ও মামলার কারণে রতন আত্মহত্যা করেন।
এস আই জলিল জানান, রতনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
