দিনাজপুরের সীমান্ত পথগুলো অস্ত্র কেনা-বেচার নিরাপদ রুট

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪০
দিনাজপুরের বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার হয়ে আসছিল অস্ত্র চোরাচালানীর নিরাপদ রুট হিসেবে। সামপ্রতিককালে পুলিশের কড়া নজরদারিতে গত দু’দিনে ম্যাগজিন, গুলিসহ ৪টি নতুন বিদেশি পিস্তল ধরা পড়েছে পুলিশের জালে। পুলিশের মতে দীর্ঘ সময় ধরে অস্ত্র চোরাচালানীসহ অস্ত্রের কেনা-বেচা চলে আসলেও ধরা পড়েছে কম। গত ৩০ জুন সোমবার রাত ৯ টার দিকে বিরামপুরে অস্ত্র কেনা বেচার সময় বিজুল বাজার থেকে পুলিশ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মণ্ডল জানিয়েছেন, ঘটনার দিন বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের পুলিশ অস্ত্রধারীদের গতিরোধ করে চ্যালেঞ্জ করলে আতংক সৃষ্টির জন্য সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে এতে এক পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে দুটি বিদেশি পিস্তলসহ ওই দুই যুবককে আটক করে। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত লোকমান হোসেন (৩৫)কে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, তিনি দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে ৭টি পিস্তল পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ সুপারের ধারণা দীর্ঘ সময় ধরে অস্ত্র ব্যবসায়ীরা এটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছিল। গোয়েন্দা নজরদারী বাড়ানোর ফলে এখন পুলিশের জালে তা আটকা পড়েছে।