বাঘা (রাজশাহী) সংবাদদাতা
দীর্ঘ ৯ বছর আগের কথা। পৌরবাসীকে পাইপ লাইনে পানি সরবরাহের জন্য মাটির নিচে পাইপ বসানো হয়। সে সময় পৌরবাসী আশান্বিত ছিল যে আর বুঝি আমাদের হাত দিয়ে টিউবওয়েলের হ্যান্ডেল চাপতে হবে না। ট্যাপের পানি-ই হবে আমাদের সব কিছুর ব্যবহার যোগ্য। কিন্তু সেই আশায় কেটে গেছে ৯ টি বছর। বর্তমানে লোকজন ভুলে গেছে সেই পাইপ বসানোর কথা। ফলে বিকল হতে বসেছে পানি সরবরাহের সেই লাইন।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহীর বাঘা পৌরসভা। এরপর ২০০৫ সালের শেষের দিকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য লোকবল নিয়োগসহ গভীর নলকূপ বসানো হয় পৌর চত্বরে। সেই সাথে পৌর এলাকার ৫ টি ওয়ার্ডে পাইপ লাইনে পানি সরবরাহের জন্য মাটি খুঁড়ে বসানো হয় পাইপ লাইন। সেই সময় স্থানীয় লোকজন খুব আশান্বিত ছিল তাদের আর টিউবয়েল চেপে পানি উঠাতে হবে না। আবার এক স্থান থেকে অন্য স্থানে পানি আনতেও যেতে হবে না। ঘরে বসে ট্যাপের মাধ্যমে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ ৯ বছরে সেই আশা তো পূরণ হয়নি বরং পানি সরবরাহের জন্য যে গভীর নলকূপ বসানো হয়েছিল তা অকেজো হতে বসেছে।
এ বিষয়ে পৌর মেয়র আক্কাস আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নানা কারণে এতোদিন পানি সরবরাহ করা সম্ভব হয়নি । তবে খুব শিগগিরই তিনি এটি চালুর ব্যবস্থা করবেন বলে জানান।
