বিভিন্ন স্থানে ছয়জন খুন

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪১
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল শুক্রবার এক অজ্ঞাত পরিচয় কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মির্জাপুর ফাঁড়ির আইসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাদারগঞ্জে চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নীলকুঠি এলাকায় গত বৃহস্পতিবার রাতে জয়নাল (৩০) নামে এক মোটর সাইকেল চালককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ভাড়ায় মোটর সাইকেল চালাত। নিহতের স্বজনরা জানান, সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কালীগঞ্জে ব্যবসায়ী খুন ঝিনাইদহের কালীগঞ্জে মহসিন আলী (৪০) নামে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ও পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিজ বাড়ি সংলগ্ন পোল্ট্রি খামারে গতরাতে ঘুমিয়ে ছিল। শুক্রবার সকালে বাড়ির লোকজন খামারে তার ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈশ্বরগঞ্জে গলা কেটে মোটর সাইকেল ছিনতাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার বিষ্ণুপুরে গত বৃহস্পতিবার রাতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তির গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পারিবারিক সূত্র জানায়, যাত্রীবেশী দুর্বৃত্তরা ভাড়ায় মোটর সাইকেল চালক আনোয়ার হোসেনকে মোবাইলে ডেকে নেয়। ঈশ্বরগঞ্জ থানার এস আই ফারুকুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ঈশ্ব্বরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রূপগঞ্জে ব্যবসায়ীকে ডেকে নিয়ে সোনারগাঁয়ে হত্যা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সোনারগাঁয়ের পেঁচাইন ব্রিজ এলাকা থেকে গতকাল শুক্রবার মনির হোসেন নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা হত্যা করে। নিহতের ছোট ভাই আওলাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ২ জন অজ্ঞাত ব্যক্তি গ্যাস লাইন সংযোগের কাজ করানোর কথা বলে রূপগঞ্জের নলপাথর বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে মনিরকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ীতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার রাজবাড়ী জেলা সদরের রুপপুর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ স্বামী গণি শেখকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে রাত ৩টার দিকে নিজ ঘরের মধ্যে শ্বাসরোধে বেগমকে হত্যা করে লাশ খাটের উপর শুইয়ে রাখে স্বামী গণি শেখ। গলায় থাকা দড়ি ও বুকের বাম পাশে থাকা আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয় বেগমকে হত্যা করা হয়েছে।