সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪১
মোরেলগঞ্জে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বিশ্বব্যাংক ঋণ সহায়তায় এবং বাংলাদেশ সরকারের সিডর পুনর্বাসন প্রকল্পের অধীনে গতকাল শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সিডর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এএফওর বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এইচ এম জাহাঙ্গীর আলম। বোদায় মত্স্য সপ্তাহ পালনে প্রামাণ্য চিত্র প্রদর্শন বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড় বোদায় জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে বর্তমান সরকারের সময়ে মত্স্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন গতকাল শুক্রবার বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। মত্স্য চাষি মনিরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা মকছেদুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, শিক্ষক জামিউল হক, রবিউল আলম সাবুল, আশরাফুল আলম লিটন, আমিনুল ইসলাম, কামরুজ্জামান রুবেল ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এনায়েতপুরে রৌদ্রছায়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ সিরাজগঞ্জের এনায়েতপুরে রৌদ্রছায়া সাংস্কৃতিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতি গোলাম নুর দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা। এসময় সংগঠনের সদস্য কাইয়ুম মাল, মাহবুব খান মোহাব্বত, রাসেল আহমেদ, মানিক খান, ইছাহাক আলী উপস্থিত ছিলেন। শার্শায় ভারতীয় শাড়ি, থ্রিপিসের চালান আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ ভারত থেকে আসা শার্শা খদ্দেরহাট এলাকা থেকে গতকাল শুক্রবার ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিসের চালান আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা খদ্দেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারীরা বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে শাড়ি, থ্রিপিসভর্তি ২৫টি বস্তা উদ্ধার করার হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ৮০ লাখ টাকা। নবাবগঞ্জে ১২ হাজার ৭৫৬ জনের মাঝে চাল বিতরণ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ পবিত্র রমজান মাসে কষ্ট লাঘবের জন্য দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তদারকির মাধ্যমে ৯টি ইউনিয়নের ১২ হাজার ৭৫৬ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, ৯টি উপজেলার মধ্যে জয়পুর ইউনিয়নে ১ হাজার ২৭১ জন, বিনোদনগর ইউনিয়নে ১ হাজার ৮৭৮ জন, গোপালগঞ্জ ইউনিয়নে ১ হাজার ৬৯০ জন, শালখুরিয়া ইউনিয়নে ৬৯৫ জন, পুটিমারা ইউনিয়নে ৯৭০ জন, ভাদুরিয়া ইউনিয়নে ১ হাজার ৪৩৩ জন, দাউদপুর ইউনিয়নে ১ হাজার ৬৫৬ জন, মাহমুদপুর ইউনিয়নে ১ হাজার ৫৪১ জন এবং কুশদহ ইউনিয়নে ১ হাজার ৬৫৮ জন হতদরিদ্র রয়েছে। নবীনগরে মাদকসহ দম্পতি গ্রেফতার ব্র্াহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকা মাঝিকাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দম্পতিরা হলেন:ওই গ্রামের মো. কাউছর (৩৫) ও স্ত্রী সোহনেআরা (৩০)। তাদের কাছ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল, ৩৫ পিস ইয়াবা ও ৫৬টি ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বিরামপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মনিরুজ্জামান আল-মাসউদের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মৌসুমী (১২)। সে উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও দুর্গাপুর গ্রামের মদন কর্মকারের মেয়ে। বৃহস্পতিবার রাতে মৌসুমীর বিয়ের লগ্ন ছিল। এর আগে বাল্যবিয়ে বন্ধে সচেতনতা কার্যক্রমে নিয়োজিত এনজিও ডিভির নির্বাহী পরিচালক মোরশেদ মানিক সহযোগী আরেকটি এনজিও প্রতিনিধিকে সাথে নিয়ে মৌসুমীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করে বিয়ে বন্ধের অনুরোধ জানান। মৌসুমীর পিতা মদন কর্মকার বাল্যবিয়ের বিষয়ে অনড় অবস্থান নিলে তারা বিষয়টি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। জগন্নাথপুরে ফেরারি আসামি রাজিউর গ্রেফতার জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর থানা পুলিশ দাঙ্গা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বহু মামলায় অভিযুক্ত ফেরারী আসামি রাজিউর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে। এস.আই লুত্ফুর রহমান ও এস.আই কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার শাহারপাড়া গ্রামে অভিযান চালিয়ে রাজিউর রহমানকে গ্রেফতার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়- রাজিউর রহমান ২০১০ ও ২০১১ সালে শাহারপাড়া গ্রামে দাঙ্গা, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও পাকা ঘর-বাড়ি ভাংচুর করে ৮-১০টি পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগে শাহারপাড়া গ্রামের আব্দুল মতলিব, আব্দুল ছাদ, আব্দুল হক, জয়নাল বাদী হয়ে দ্রুত বিচারসহ বিভিন্ন অভিযাগে মামলা দায়েরের পর থেকে রাজিউর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ায়। চান্দিনায় অসহায়দের মাঝে রিকশা বিতরণ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে চান্দিনা অসহায়দের মাঝে ১৩টি রিক্সা বিতরণ করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। গতকাল শুক্রবার উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, কাজী গোলাম দস্তগীর পাপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ। মুরাদনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিকাশ ব্যবসায়ী আহত মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী বেলী মিডিয়া এ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক মোবাইল ও বিকাশ ব্যবসায়ী চন্দন দাস (২৫) গতকাল বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার সাথে থাকা বিকাশ করার মোবাইল সেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিনতাই হয়েছে। আহত মোবাইল ব্যবসায়ী চন্দনের পিতা নকূল চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো তার ছেলে চন্দন দাস দোকানের কাজ সেরে পিতা-পুত্র রাতে বাখরাবাদ গ্রামের বাড়িতে ফেরার পথে জলিল মিয়ার বাড়ির নিকট পৌঁছলে একদল ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে বেশ কয়েকটি নতুন মোবাইল সেটসহ বিকাশ করা মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। ভারতের হত্যা মামলার আসামি লোহাগড়ায় গ্রেফতার লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপি’র ঝামারঘোপ গ্রাম থেকে পুলিশ বিনা পাসপোর্টে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক ও ভারতে সংঘটিত একটি হত্যা মামলার আসামি প্রশান্ত বিশ্বাসকে (৪২) আটক করেছে। গ্রেফতারকৃত প্রশান্ত বিশ্বাস জানান, প্রায় ৭ বছর পূর্বে বাংলাদেশের লাহুড়িয়া ইউপি’র ঝামারঘোপ গ্রাম থেকে ভারতে যায়। নদীয়া জেলার হাসখালী থানার সাহাপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করি এবং ওই দেশের নাগরিকত্ব অর্জন করে। প্রায় ২ বছর আগে একই গ্রামের পশুপতি রায়ের মেয়ে মিতা রায় (২২) আত্মহত্যা করে। এ ঘটনায় প্রশান্ত বিশ্বাস ও তার স্ত্রী বাসন্তি বিশ্বাসকে আসামি করে হাসখালী থানায় একটি হত্যা মামলা হয়। প্রায় ১ মাস পূর্বে প্রশান্ত বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই নিমাই মন্ডল গত মঙ্গলবার রাতে ঝামারঘোপ গ্রামের সুশান্ত বিশ্বাসের বাড়ি থেকে মৃত ক্ষিতিশ বিশ্বাসের ছেলে প্রশান্তকে আটক করেন। ডোমারে স্টেশন মাস্টারের হাতে রেলওয়ের পরিদর্শক লাঞ্ছিত ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমারে গত বুধবার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন রেলওয়ের পরিদর্শক ট্রাফিক ইন্সপেক্টর কমার্শিয়াল বদরুল আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরিদর্শনের সময় স্টেশন মাস্টার আনোয়ার হোসেনের সাথে পরিদর্শক বদরুল আলমের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে বদরুল আলম পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে রংপুরে স্থানান্তর করা হয়। স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, প্রতিমাসে উনি পরিদর্শনের নামে চাঁদাবাজি করেন। আমার মাসের বেতনের পুরোটা ওনাকে দিলেও উনি সন্তুষ্ট হন না। ওনার চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে ওনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিপক্ষে রিপোর্ট প্রদান করেন। ওনার ভয়ে স্টেশন মাস্টাররা ভীত-সন্ত্রস্ত। ট্রাফিক ইন্সপেক্টর কমার্শিয়াল বদরুল আলম জানান, স্টেশন মাস্টারের হিসাবে গড়মিলের কথা বলতে গেলে আমার উপর হামলা করেন। এতে আমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে চিকিত্সাধীন রয়েছি। গেটম্যান আব্দুর রহমান জানান, খাতাপত্র দেখার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এগিয়ে গেলে আমাকে স্টেশন মাস্টার আটকাতে নিষেধ করেন। সেনবাগ থেকে অপহূত স্কুল ছাত্রী রামগতি থেকে উদ্ধার সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগে অপহূত স্কুল ছাত্রীকে তিনদিন পর লক্ষ্মীপুরের রামগতি থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান নামের এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। অপহূতা স্কুলছাত্রী ও অপহরণকারী মিজানুর রহমানকে গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। জানা গেছে, সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের ও স্থানীয় পরিকোট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী গ্রামের তোফাজ্জল হোসেন বারিকের ছেলে মিজানুর রহমান (১৮) গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহূতার ভাই বাদি হয়ে গত বুধবার সেনবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদের মাধ্যমে সেনবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাতে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে অপহূতাকে উদ্ধার করে। এ সময় ঘটনার মূল নায়ক অপহরণকারী মো. মিজানুর রহমানকেও গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে যোগাযোগ করলে ঘটনায় সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়েছে ব্র্যাকের দুই কর্মকর্তা সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরের পার্শ্ববর্তী কিশোরীগঞ্জে ঋণের কিস্তির টাকা জমা দিতে বিলম্ব হওয়ায় মানিক মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়েছে ব্র্যাক অফিসের মাইক্রো ফাইনান্স কর্মসূচির দুই কর্মকর্তা। আহত ব্যবসায়ীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কিশোরীগঞ্জে মঙ্গলবার বিকেলে উপজেলা দোকান মালিক সমিতি বিক্ষোভ সমাবেশ করে দোষী কর্মকর্তাদের বিচারের দাবি জানান। অবিলম্বে অভিযুক্ত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন ব্যবসায়ীরা। অভিযোগে জানা গেছে, উপজেলার কেশবা গ্রামের বাবুল হোসেনের ছেলে বেকারী ব্যবসায়ী ব্র্যাকের ফাইনান্স শাখা থেকে গত বছরের ৩ অক্টোবর ১ লাখ টাকা ঋণ গ্রহণ করেন এবং ঋণ নেয়ার পর ১২ কিস্তির মধ্যে নিয়মিতভাবে ৮টি কিস্তি পরিশোধ করেন। নবম কিস্তির টাকা নিয়ে ওই ব্যবসায়ী ব্র্যাক অফিসে গেলে ফিল্ড অফিসার বেলাল ও রেজাউল ইসলাম বিলম্বের কারণ জিজ্ঞাসা করে উত্তেজিত হয়ে উপজেলা ব্র্যাক ম্যানেজার মনির হোসেনের সামনে মানিক মিয়াকে মারপিট করেন। নারায়ণগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গত বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে তাসলিমা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বাকে হত্যা করা হয়েছে। এনজিও’র কিস্তির টাকা নিয়ে কলহের জের ধরে ভাসুর ও তার স্ত্রী মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।এ ঘটনায় পুলিশ আমির হোসেনের স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে। আমির হোসেন পালিয়ে গেছে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোকারম হোসেন জানান, তাসলিমা ‘আশা’ নামের একটি এনজিও থেকে লোন নেয়। কিস্তির টাকা প্রদানে বিলম্ব করায় প্রায় সময়েই বাড়িতে লোকজন যাতায়াত করে তাগাদা দিত। বিষয়টি তাসলিমার ভাসুর আমির হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগম আপত্তি করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাসলিমাকে ছুরিকাঘাত করে আমির হোসেন। হাসপাতালে নেয়ার পথে তাসলিমা মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৬ হোটেল মালিকের জরিমানা সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৬টি প্রতিষ্ঠানের ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শহরের উপকণ্ঠে চৌমুহনী বাজার ও বাস টার্মিনাল এলাকার আদানি মোড়ে ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। জিয়ানগরে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে উপজেলা পরিষদ ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৮ জন দুস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির, কৃষি অফিসার অমিতাভ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা সোবহান এবং মনিরুজ্জামান মৃধা প্রমুখ। মান্দায় শিক্ষক কর্তৃক মেহগনি গাছ কর্তন মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ মান্দায় এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক একটি মেহগনি গাছ কর্তন করেছে।গতকাল শুক্রবার উপজেলা মান্দা সদর ইউপি’র কামারকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার স্থানীয় রেবা আখতার আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও দৈনিক নতুন প্রভাতের মান্দা উপজেলা প্রতিনিধি এম.এম. রেজাউল ইসলাম তার বাড়ি সংলগ্ন কামারকুড়ি গ্রামের আত্রাই নদীর ধারে একটি মেহগনি গাছ কর্তন করে নেয়। সৈয়দপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী সৈয়দপুর উপজেলা শহরের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শার্ট পিস উদ্ধার করা হয়েছে। শুক্রবার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর এলাকার সিরাজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কাপড়ের মূল্য প্রায় ৭ লাখ টাকা। উল্লিখিত এলাকার ওই বাড়ির মালিক সিরাজউদ্দিন ও তার স্ত্রী ডানা দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় কাপড় এনে তার বাড়িতে রেখে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। দিনাজপুরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ ৫ ভেন্ডার আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ বিপুল সংখ্যক জাল নন জুডিশিয়াল ও আঠালো স্ট্যাম্প এবং কোর্ট ফিসহ ডিবি পুলিশ দিনাজপুরে ৫ জন ভেন্ডারকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর আদালত প্রাঙ্গণে অভিযান চালিয়ে ৫ জন ভেন্ডারের কাছ থেকে ১০০ টাকার ৫১০টি, ৫০ টাকার ২টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ১০০ টাকা মূল্যের ৩২০টি, ৫০টাকা মূল্যের ২টি ও ১টাকা মূল্যের ৫০টি আঠালো স্ট্যাম্প এবং ২০ টাকা মূল্যের ১৬০টি জাল কোর্ট ফি উদ্ধার করা হয়। এই ঘটনায় ৫ ভেন্ডার লুত্ফর রহমান (৪৫), লেবু (৫২), নাসির উদ্দীন (৪৫), তুহিন (৪০) ও সফিউদ্দিন (৫০)কে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে অভিনব কায়দায় ডাকাতি মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ অভিনব পন্থায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা নামক গ্রামের কেরামত আলী মন্ডলের বাড়ীতে। ৭/৮ জনের একদল ডাকাত সেহেরী খাবার কথা বলে ওই বাড়ীতে প্রবেশ করে। পরে একে একে বাড়ীর সকল সদস্যকে অস্ত্রের মুখে বেঁধে গহনা ও নগদ ৭০ হাজার টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করেছে। ডাকাতরা মুখঢাকা ও হাফপ্যান্ট পরাবস্থায় ছিল। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ও মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার দিনাজপুরে অভিযান চালিয়ে একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের অভিযোগে জরিমানা করেছেন। শুক্রবার দিনাজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাহাদুর বাজারের একটি অভিজাত মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টির মধ্যে তেলাপোকা, মাছি, মৌমাছি থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।