এবারের বিশ্বকাপ থেকে একটু আগে ভাগেই বিদায় ঘটেছে রাশিয়ার। গ্রুপ পর্ব থেকে বিদায় সত্ত্বেও দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর ওপরই আস্থা রাখার ঘোষণা দিয়েছেন দেশটির ফুটবলের সর্বোচ্চ ব্যক্তি। রাশিয়ান ফুটবল ইউনিয়নের প্রেসিডেন্ট নিকোলাই টোলস্তিখ সব গুজব ও সমালোচনাকে উড়িয়ে দিয়ে বলেছেন ২০১৮ সালের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ক্যাপেলোই জাতীয় দলের কোচ হিসেবে বহাল থাকবেন। এবারের আসরে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে দুটিতে ড্র ও একটিতে পরাজয় নিয়ে আলজেরিয়ার কাছে এইচ-গ্রুপের দ্বিতীয় স্থান হারিয়ে বিদায় নিতে হয় রাশিয়াকে। এর পরপরই ক্যাপেলোকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি রাশিয়ান সংসদেও কিছু সদস্য ক্যাপেলোকে বরখাস্তের ব্যাপারে জোর দাবি জানায়। কিন্তু নিকোলাই টোলস্তিখ কোচের পাশে কঠোর অবস্থান নিয়ে দাঁড়ান। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সেপ্টেম্বরে আমাদের দল ২০১৬ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে অংশ নিবে। এছাড়া ২০১৮ সালে ঘরের মাঠের বিশ্বকাপের কথাও আমাদের ভুলে গেলে চলবে না।’ -বাসস
