নেত্রকোনায় চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করায় এলাকায় ক্ষোভ

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৭
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের এক শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হলেও বেআইনিভাবে তাকে পুনরায় তিন মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঐ শিক্ষকের জন্মতারিখ অনুযায়ী ১ জুলাই ১৪ তারিখে তার ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, শরীরচর্চা শিক্ষক ও সমাজ বিজ্ঞান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পছন্দের লোককে নিয়োগ দেয়ার জন্যই ঐ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ৩ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির সভাপতি ফয়েজ উদ্দিন খান জানান, শিক্ষকের চাকরির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর স্কুলে বহাল রাখার আইন না থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আদেশেই একেএম শফিকুল ইসলামকে রাখা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, কোনো অবস্থাতেই এ শিক্ষককে তার পদে বহাল রাখার বিধান নেই।