মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে গ্রামবাসীদের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নির্মিত সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাগুরা পার্শ্ববর্তী পারনান্দুয়ালী গ্রামের অধিবাসীরা তাদের যাতায়াতের সুবিধার জন্য নবগঙ্গা নদীতে স্বোচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরা বাঁশ ও অর্থ দিয়ে বিরাট বাঁশের সাঁকো নির্মাণ করেছিলেন। ফলে পারনান্দুয়ালী গ্রামের প্রায় ১০ হাজার অধিবাসী উপকৃত হয়েছিলেন কিন্তু কয়েক দিন যাবত্ প্রবল বৃষ্টি এবং কচুরি পানার জন্য বাঁশের তৈরি সাঁকোটি ভেঙ্গে যায়। সাঁকোটি মধ্য থেকে ভেঙ্গে যাওয়ায় সাঁকো দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় নৌকায় যাতায়াত করতে হচ্ছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে বিরাট নবগঙ্গা নদী পার হতে হয় । মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, নবগঙ্গা নদীতে একটি ব্রিজ নির্মাণের জন্য ডিজাইন হয়েছে, প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে। প্রকল্প পরিচালকের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
