কোস্টগার্ডের সাথে বন্দুকযুদ্ধে আহত আরো এক জলদস্যু গতকাল শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলার লালদিয়াচর (হরিণঘাট বন) থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার জলদস্যুদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আটক গুলিবিদ্ধ জলদস্যুর নাম মো. আলামিন তার বাড়ি উপজেলার পশ্চিমাদুরতলা গ্রামে। গতকাল পাথরঘাটা উপজেলা বিচারিক আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গুলিবিদ্ধ জলদস্যু মো. আলামিনকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসলে স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার কোস্টগার্ড তাদের আস্তানায় হানা দেয়। এসময় তার ২ সহকর্মী সুমন ও ইয়াছিন চাপরাশী গুলিবিদ্ধ হয়। ওই সময় গুলিবিদ্ধ ২ জনসহ অপর সহযোগী কাওসার আটক হলেও সে নিজে বনের মধ্যে আত্মগোপন করতে সক্ষম হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম. আরিফ হোসাইন জানান, গতকাল শুক্রবার নিয়মিত টহলের সময় গুলিবিদ্ধ আলামিনকে সাগর তীরবর্তী চরে দেখতে পেয়ে আটক করা হয়।
