বিদ্যুত্ বিল নেয়ার দায়িত্বে থাকা ব্যাংক কর্মচারীর ঢিলেঢালা কর্মকান্ডে ব্যাংকে বিদ্যুত্ বিল জমা দিতে আসা গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকরা ব্যাংকের অভ্যন্তরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ওই কর্মচারী নিয়ম ভঙ্গ করে পরিচিত ও বিদ্যুত্ বিভাগের লোকজনদের নিয়ে আসা বিল আগে জমা নেয়ার অভিযোগ রয়েছে।
এসব হচ্ছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের দিনাজপুর রোডস্থ অগ্রণী ব্যাংকে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে বিদ্যুত্ গ্রাহকরা জানান।
এ ব্যাপারে বিল জমা নেয়ার দায়িত্ব থাকা ওই কর্মচারীকে নিয়মের মধ্যে বিলের টাকা গ্রহণের জন্য গ্রাহকরা বললে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, গ্যানজাম করবেন না। আমি আমার কাজ করবো। একাধিক গ্রাহক জানান, একটি বিল জমা দিতে ২/৩ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কিন্ত ওই কর্মচারী বিলের টাকা ভাঁজ করে সারিবদ্ধ করে রাখাসহ বিল জমা নিতে ৭/৮ মিনিট সময় লাগান।
