যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। নিহত শহিদুল উপজেলার দিঘড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দিঘড়ী গ্রামের আব্দুল হামিদ, আবুল হোসেন ও আলতাফ হোসেনের সাথে জমিজমা নিয়ে শহিদুল ইসলামের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এই জমি নিয়ে আদালতে মামলাও হয়। আদালতের রায় শহিদুলের পক্ষে যায়। এ নিয়ে প্রতিপক্ষ ক্ষুব্ধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুল হামিদ, আবুল হোসেন, আলতাফ হোসেন, জামালউদ্দীন, সলেমান, বসু, আব্দার, আতিয়ার রহমান, মতিয়ার রহমান লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মাঠে শহিদুলের উপর হামলা চালায়। উপর্যুপরি কুপিয়ে ও মারপিট করে তাকে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়। শুক্রবার পুলিশ নিহত শহিদুলের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দিঘড়ী গ্রামের মতিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।
