নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে সন্তানের জন্য রুটি কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। নিখোঁজের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায় ঠুটাপাইকর কলেজ পাড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে দুই সন্তানের জনক রিকশাচালক আলতাফ বৃহস্পতিবার রাতে সন্তানের জন্য পাউরুটি কিনতে বের হয়। গভীর রাতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে কলেজ হোস্টেল থেকে কিছু দূরে নাগেশ্বরী-ফুলবাড়ী রাস্তার দক্ষিণে একটি ইটের দেয়ালে তার লুঙ্গি পাওয়া গেছে। অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন- এ ব্যাপারে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।
