সাভারে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ দু’লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ডাকাতদের প্রহারে তিনজন আহত হন। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ছাপড়া মসজিদের পাশে ব্যাংক কর্মকর্তা দেওয়ান মোঃ নূরে আলমের বাড়িতে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নূরে আলম জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল দোতলা ভবনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আলমারি ভেঙ্গে মালামাল লুট করে। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
