চাকমা রাজার দ্বিতীয় বিয়ে

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:২৭
প্রথম স্ত্রী মারা যাওয়ার দীর্ঘ একযুগ পর চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় গতকাল শুক্রবার রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইয়েন ইয়েন বান্দরবানের রাখাইন সম্প্রদায়ের মেয়ে। চাকমা রাজার এটি দ্বিতীয় বিয়ে। প্রায় এক যুগ আগে তার প্রথম স্ত্রী রানী তাতু রায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। চাকমা রাজ পরিবার সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহরের ত্রিদ্বীপ এলাকায় অবস্থিত চাকমা রাজবাড়িতে এই বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। সূত্র আরও জানায়, শুক্রবার বিকেলে কনে ইয়েন ইয়েন তার বাবা মহেশখালীর বাসিন্দা উমং রী এবং মা বান্দরবানের বাসিন্দা দপু ম্যা খাইনসহ কনের পক্ষের লোকজন রাঙ্গামাটিতে রাজার নিজ বাড়িতে আসেন। এর পর সন্ধ্যায় চাকমা রাজ দরবারে আনুষ্ঠানিকভাবে সামাজিক রীতিনীতি অনুযায়ী আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাকমা রাজার এটি দ্বিতীয় বিবাহ হলেও নতুন প্রজন্মের কাছে রাজার বিয়ের অনুষ্ঠান দেখার আগ্রহ কম ছিল না। এর আগে সকালে বান্দরবান শহরের উজানী পাড়ায় ইয়েন ইয়ানের বাসায় এই রাজকীয় বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়। চাকমা রাজা সকালে বর যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে বান্দরবানে আসেন। বিয়ের প্রথাগত আনুষ্ঠানিকতা সম্পন্নের পর গুরুজনদের উপস্থিতিতে কন্যা সম্প্রদান করা হয়। উজানী পাড়ায় ইয়েন ইয়েনের ডিজাইন করা বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাকমা রাজার বিয়ে উপলক্ষে বান্দরবানের উজানী পাড়া মধ্যমপাড়ায় আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই রাজাকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবানের মেয়ে ইয়েন ইয়েনের সাথে পরিচয়ের সূত্রে প্রেম ও পরে তা বিয়ে পর্যন্ত গড়াল। গত বছরের ১২ ডিসেম্বর রাজা দেবাশীষ রায় ও ইয়েন ইয়েন অস্ট্রেলিয়ায় অবস্থানকালে আংটি বদল করেন। ইয়েন ইয়েন বুয়েটে পড়াশোনার পর স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার এডিলেইড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। উল্লেখ্য, এক ছেলে রাজকুমার ত্রিভূবন আর্য্য দেব রায় এবং এক মেয়ে রাজকুমারী আয়েত্রী আরাধনা রায়কে রেখে ক্যান্সারে আক্রান্ত হয়ে চাকমা রাজার প্রথম স্ত্রী রানী তাতু রায় ১৯৯৮ সালে মারা যান।