যশোর কারাগারে ওয়ার্ড যুবদল সদস্যের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৫
যশোর কেন্দ্রীয় কারাগারে সামীউজ-জামান উজ্জ্বল (৩৮) নামে ওয়ার্ড যুবদলের এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। উজ্জ্বল শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় দু’সপ্তাহ আগে উজ্জ্বলকে একটি সহিংসতা মামলায় পুলিশ আটক করে। এরপর তিনি জেলহাজতে ছিলেন। শুক্রবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেল পুলিশ তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন বলে জানা গেছে।