বাংলাদেশ সফরের সময় স্থল সীমান্ত চুক্তি ও ভিসা ইস্যুতে কোনো আলোচনাই করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত বুধবার নয়াদিল্লিতে আসামের বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন বলে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘ল্যান্ড ডিল, ভিসাস নট পার্ট অব বাংলা টক’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ভারতের ক্ষমতাসীন এনডিএ সরকারকে এই দু’টি ইস্যুতে ক্রমাগত চাপ দিয়ে আসছেন। তার চাপে অতিষ্ঠ হয়ে নয়াদিল্লিতে সুষমার সঙ্গে সাক্ষাত্ করেন আসাম বিজেপি’র এমপি ও এমএলএ’রা। বাংলাদেশ সফরে স্থল সীমান্ত চুক্তি ও ভিসা সুবিধা দেয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
বৈঠকের পর বিজেপি’র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও গুয়াহাটির এমপি বিজয়া চক্রবর্তী বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। একইসঙ্গে ১৮ বছরের নিচে ও ৬৫ বছরের উপরের বাংলাদেশিদের ভিসামুক্ত সুবিধা দেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। আসামের তেজপুর থেকে নির্বাচিত বিজেপি’র এমপি রামপ্রসাদ শর্মাও বলেন, সীমান্ত চুক্তি ও ভিসা ইস্যু নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু এর কোনোটি নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা হয়নি।
বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তিনি সুষমা স্বরাজের ঢাকা সফরকে নিয়ে রাজনীতি করছেন। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। বিজয় চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর জনসাধারণকে বিভ্রান্ত করা উচিত নয়। বর্তমান সরকার উত্তর-পূর্ব ভারতের স্বার্থ পূরণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি নেতারা বলেন, সুষমা স্বরাজ ঢাকায় শুভেচ্ছা সফর করেছেন। একে নেতিবাচক দৃষ্টিতে দেখা উচিত নয় কংগ্রেসের।
