ঝিনাইদহে ২ খুন

এক কিলোমিটার দূরে মিলল নিহত যুবকের মাথা

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৫
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার মেকুর খিরদা গ্রামে মহসিন আলি (৪৯) নামে এক পোলট্রি ব্যবসায়ীকে কুপিয়ে এবং শৈলকুপা উপজেলার শেখপাড়ায় অজ্ঞাত এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় এ দুটি হত্যাকাণ্ড ঘটে। নিহত মহসিন আলি মৃত হুজুর আলির ছেলে। দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে হত্যা করে তার মাথা ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ফেলে যায়। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাড়ির সাথে লাগোয়া পোলট্রি ঘরে গত বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে ছিলেন মহসিন আলি। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়। শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এক যুবককে ধরে এনে শেখপাড়া ডিএম কলেজের পেছনে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলে তারা নিহত যুবকের শরীর ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় এক কিলোমিটার দূরে শেখপাড়া বাজারে একটি ব্যাগের উপর রেখে যায় নিহত যুবকের মাথা। তার পরিচয় জানা যায়নি। বয়স হবে আনুমানিক ২২-২৫ বছর। খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায় পুলিশ।