সিলেট নগরীতে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চলাচল নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটেনি। শুক্রবার বেলা ১১টায় মেয়রের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনে বৈঠক হওয়ার কথা থাকলেও টমটম চালকরা এতে যোগ দেননি। গত বুধবার থেকে নগরীতে টমটম চলাচল বন্ধ করে দেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নগরীতে শতাধিক যানবাহন ভাংচুর করে টমটম চালকরা। এই ভাংচুরের ঘটনায় পুলিশ ২৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছে।
এদিকে এই ভাংচুরের ঘটনায় নগরীতেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বলছেন টমটম চলাচল করা; না করার বিষয়টি প্রশাসনিক ও আইনের আওতাধীন। কিন্তু এ বিষয়কে কেন্দ্র করে সাধারণের যানবাহন ভাংচুরের ঘটনা মেনে নেয়া যায় না। মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো: রহমত উল্লাহ জানান, এ বিষয়ে তারা জিরো টলারেন্স নীতিতে আছেন। তবে ভাংচুরের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৭ ইজিবাইক চালককে আটক করেছে।
