স্বাধীনতা দিবসে ফোনে ওবামাকে শুভেচ্ছা জানালেন পুতিন

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৭
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মত-পার্থক্য সত্ত্বেও পুতিন আশা প্রকাশ করেন যে, দুু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সফলভাবে বিকশিত হবে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিন ভবিষ্যদ্বাণী করেন যে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক ‘নানা সমস্যা ও মতভেদ সত্ত্বেও বাস্তবানুগ ও সমান ভিত্তির ওপর সফলভাবে বিকশিত হবে’। খবর এএফপির। পুতিন বলেন, দু’দেশের আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ দায়িত্ব রয়েছে এবং তাদের কেবল নিজ দেশের মানুষের নয়, বরং সমগ্র বিশ্বের স্বার্থেই পরস্পর সহযোগিতা করা উচিত। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েক মাস ধরে শীতল সম্পর্ক বিরাজ করছে। রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে নিজের অংশ করে নেয়ার পর থেকে এ সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে।