যমুনার ভাঙ্গনে গুঠাইল বাজার ও হার্ড পয়েন্ট বিলীনের পথে

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:০৪
জামালপুরে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে ইসলামপুর গুঠাইল বাজার হার্ডপয়েন্টে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। কুলকান্দি হার্টপয়েন্ট পেছন থেকে গুঠাইল বাজার হার্ড পয়েন্ট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত। ইতিমধ্যে ৩০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। গুঠাইল বাজার ব্যবসায়ীরা তাদের দোকানপাট সরিয়ে নিতে শুরু করেছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে গুঠাইল বাজার, নৌবন্দর, গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ, গুঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুঠাইল মাদ্রাসা, মসজিদসহ অসংখ্য ঘর-বাড়ি গাছ-পালা হাজার হাজার একর ফসলি জমি যমুনার নদীগর্ভে বিলীন হবে। ভেস্তে যাবে ৪শ’ ১৭ কোটি টাকার প্রজেক্ট। এদিকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজারের ভাটি থেকে শুরু করে চতলাপাড়া পর্যন্ত যমুনায় নির্মাণকৃত বাঁধটি ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় এলাকাবাসী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোন সময় বাঁধটি নদীগর্ভে চলে যাবে। পাউবোর নির্বাহী প্রকৌশলীর নবকুমারের সাথে ফোনে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল গুঠাইল বাজার ও হার্ডপয়েন্ট রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।