কালকিনিতে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উচ্চফলনশীল (উফশি) পাট ও পাটবীজ উত্পাদন এবং উন্নত পাট পাচন প্রকল্পের আওতায় ১শ’ জন সফল চাষিদের নিয়ে গতকাল শনিবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম। মাদারীপুর সদর উপজেলার পাট উন্নয়ন অফিসার মোঃ আলমগীরের সঞ্চালনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর অঞ্চল সিনিয়র কৃষিবিদ মরিয়ম বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র মত্স্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান রায় প্রমুখ।
সুজানগরে অতিবৃষ্টিতে মরিচের ক্ষতি
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ আষাঢ়ের অতিবৃষ্টিতে পাবনার সুজানগরে মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে উপজেলার হাট-বাজারে কাঁচামরিচের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হাট-বাজারে প্রতি কেজি মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহেও প্রতি কেজি মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। জানা যায়, উপজেলার মধ্যে আহম্মদপুর এবং তাঁতীবন্দ ইউনিয়নে ব্যাপকভাবে মরিচের চাষ হয়। আর এ মরিচে বছরের ৬/৭ মাস সুজানগরের মানুষের চাহিদা পূরণ হয়। এ বছর ওই দু’টি ইউনিয়নে ১ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। কিন্তু আষাঢ়ের অতিবৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় মরিচের গাছ মরে যাচ্ছে। এতে একদিকে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে।
ফরমালিন ব্যবহার রোধে ডোমারে মতবিনিময়
ডোমার (নীলফামারী) সংবাদদাতা\ জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় গণমাধ্যম কর্মীদের সাথে ফরমালিন ব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সভায় উপজেলা মত্স্য কর্মকর্তা মারজিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, সাংবাদিক রওশন রশীদ, আব্দুল্লাহ-আল মামুন, মত্স্য অফিস সহকারী আলী আকরাম, মাঠ সহকারী মোঃ শাখায়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কেন্দুয়ায় কিডনি রোগে আক্রান্ত ছাত্রকে চিকিত্সা সহায়তা প্রদান
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের সায়মা শাহজাহান একাডেমির ছাত্র কিডনি রোগে আক্রান্ত হতদরিদ্র সেতু মিয়াকে নগদ আর্থিক চিকিত্সা সহায়তা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ‘সোনালী প্রভাত’ সমাজকল্যাণমূলক সংগঠনের উদ্যোগে প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূঞা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভুঁইয়া, সোনালী প্রভাত সংগঠনের সভাপতি মোহাম্মদ এরশাদ হুসাইন প্রমুখ।
নবাবগঞ্জে ইয়াবাসহ আটক-২
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজান (৩৫) ও চাঁন মিয়া (৩৮) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর ও দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মিজান দুর্গাপুর গ্রামের ও চাঁন মিয়া একই গ্রামের বাসিন্দা। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহাগ রানা জানান, শুক্রবার রাতে গোবিন্দপুর বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় মো. মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে চাঁন মিয়াকে তার নিজ বাড়ি থেকে ২টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। গতকাল শনিবার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়ায় জাতীয় মত্স্য সপ্তাহ পালন
ডুমুরিয়া খুলনা সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ -২০১৪ পালন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভায় খুলনা জেলা মত্স্য অফিসার প্রফুল্ল সরকার, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, উপজেলা মত্স্য অফিসার সরোজ কুমার মিস্ত্রি, আনোয়ার মত্স্য আড়ত্ মালিক হুমায়ুন কবির বুলু, মত্স্য চাষী সঞ্জয় বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সৈয়দপুরে বাউবি পরীক্ষায় ১৬ পরীক্ষার্থী বহিষ্কার
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার সৈয়দপুর কলেজ স্টাডি সেন্টার পরীক্ষা কেন্দ্রে ওই বহিষ্কার করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অসদুপায় অবলম্বনের অভিযোগে ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন। জানা গেছে, গত ২৭ জুন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ-বিএসএস পরীক্ষা শুরু হয়েছে।
সুজানগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ চলতি রমজান মাসে পাবনার সুজানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠু রাখার লক্ষ্যে গত শুক্রবার সুজানগর থানার উদ্যোগে এক ওপেন হাউজ ডে স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন। থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালালউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ।
কলমাকান্দায় কৃষি সমপ্রসারণ বিভাগের বীজ ও সার বিতরণ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদরে গতকাল শনিবার উপজেলার বড়খাপন ও পোগলা ইউনিয়নের ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ। এ সময় ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, কৃষি কর্মকর্তা বিজয় কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খোরশিদ দেলোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম আব্দুল ওয়াজেদ তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহীদুল¬াহ ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ ফখরুল আলম খসরু উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জে নাহিদ ফাউন্ডেশনের বৈদ্যুতিক পাখা বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ মধ্যপাড়া জামে মসজিদে নাহিদ ফাউন্ডেশনের অর্থায়নে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে নাহিদ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।
নগরকান্দায় বৃক্ষ মেলার উদ্বোধন
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার ফরিদপুরের নগরকান্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা। উপজেলা প্রশাসন, কৃষি সমপ্রসারণ ও বন বিভাগের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বেলায়েত হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান সুমন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোপাল কৃষ্ণ দাস, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ফজলুল হক, উপজেলা মত্স্য কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলার নিমাই সরকার প্রমুখ।
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ গত শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জের শ্যামপুর ইউপির হাদিনগর গ্রামে মোহাঃ তৈমুর রহমানের ছেলে মোহাঃ ফকিরের একটি খড়ের ঘরে ফলের ক্যারেটে রাখা ককটেলের বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ সময় বিকট শব্দে এলাকার মানুষ সেখানে গেলে ঘটনাটি জানাজানি হয়। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত আব্দুর রাজ্জাক) বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল জেলায় শ্রেষ্ঠ
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ বার একাডেমি উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এবং শিক্ষা ও খেলাধুলায় সুনাম অর্জন করার ঘোষণা দিয়েছেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব একেএম শামীম চৌধুরী। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের ৬তলা ভবন নির্মাণ সম্পর্কিত একটি সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে একথা বলেন শামীম চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনোনীত হওয়ার পর বিদ্যালয়ে শনিবারই ছিল তার প্রথম সভা। এ সময় তার সাথে ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক জিয়াউদ্দিন আহম্মেদ।
লালমনিরহাটে টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল শনিবার জেলায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়। বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলামকে সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত হয়। কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, প্রচার সম্পাদক হায়দার আলী বাবু, অর্থ সম্পাদক মাজেদুল ইসলাম সরকার, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শাহারুপ খান সুমন এবং কার্যনির্বাহী সদস্য গোকুল রায়, বেলাল হোসেন, এস দিলীপ রায় ও জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ।
বানারীপাড়ায় বিএনপি’র ৭ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশীট
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি’র ৭ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়েছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা জালিস মাহমুদ গত ৩ জুন বাদী হয়ে ২০০১ সালের ২ অক্টোবর তার বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ এনে বিএনপি’র ৭জন নেতা-কর্মী ও ৫০/৬০ জন অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোতালেব জমাদ্দার প্রায় ১ মাস তদন্ত শেষে গত ৩০ জুন ৭জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশীটের এমি দাখিল করেন। আজ রবিবার ওই চার্জশীট আদালতে দাখিল করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা মোতালেব জানান। চার্জশীটে অভিযুক্তরা হলেন, বিএনপি নেতা আবুল কালাম বালী, সেলিম বেপারী, কামরুল মোল্ল¬া, বাদশা আকন, দেলোয়ার হোসেন সরদার, মজিবর রহমান কেরানী ও মোঃ মুস্তাকিম। এছাড়া এজাহারে থাকা অজ্ঞাত ৫০/৬০ জন আসামির বিরুদ্ধে সঠিক নাম, ঠিকানা না পাওয়ায় তাদেরকে চার্জশীটে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হলেও পরবর্তীতে সঠিক নাম, ঠিকানা পেলে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হবে বলে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।
মাগুরার মহম্মদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কানাডা প্রবাসী ইকরামুল হকের দ্বিতল ভবনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা এসময় প্রবাসীর পিতা হাজী আব্দুর রউফ ও তার মাতা হাজী রহিমা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায়। এ ব্যাপারে ইকরামুলের পিতা হাজী আব্দুর রউফ জানান, রাত সাড়ে ১২ টার দিকে তার দ্বিতল ভবনের বাড়ির জানালার গ্রিল কেটে ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিংড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতাবশত প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার ছতর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ধান ব্যবসায়ী আবুল কালামসহ আহতরা ব্যবসায়িক কাজে জামতলী হাটে আসার পথে ছতর গ্রামের কালাম মোহরীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর হামলা করে। এতে ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন, ছতর গ্রামের শমসের মোল্লার ছেলে আবুল কালাম (৩৩), মৃত জোবা মোল্লার ছেলে রেজাউল করিম (৩১), ফজলার রহমানের ছেলে পলাশ (২৭) ও পারভেজ (১৪)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্বরত চিকিত্সক গুরুতর আহত অবস্থায় আবুল কালাম (৩৩) ও রেজাউল করিমকে (৩১) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কিশোরগঞ্জে কৃষি মেলা উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি: কিশোরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারীর ৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রশিদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম। এ সময় ৫জন কৃষকের হাতে ফলদ, বনজ ও ওষুধি গাছের ৫টি করে চারা বিতরণ করে মেলার সূচনা করা হয়।
রায়পুরায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর রায়পুরা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে গতকাল শনিবার সকালে থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান (ডিএসবি)। এসময় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সাদেক, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম শাহীন, পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সচেতন ব্যক্তিগণ।
ধুনটে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে বই পড়া কর্মসূচির আওতায় চৌকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উক্ত প্রতিযোগিতায় ৪র্থ শ্রেণীর ১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী, ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হক তাঁরা, সহকারী শিক্ষক নার্গিস সুলতানা, মাহফুজা খাতুন, কেএম রেজাউল করিম, নাজমা খাতুন, হুসনেয়ারা খাতুন ও হাফিজার রহমান।
রায়পুরায় ১২শ’ফুট অবৈধ কারেন্ট জাল আটক
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১২শ’ ফুট অবৈধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি পিন্টু ব্যাপারী। পরে মেঘনা নদীর তীরে পান্থশালা ঘাটে কেরোসিন ঢেলে জনসম্মুখে এ জাল পুড়িয়ে ফেলা হয়। গতকাল শনিবার সকালে মেঘনা নদীতে উপজেলাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মত্স্য কর্মকর্তা রিপন কুমার পাল, ক্ষেত্র সহকারী মোঃ আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যগণ।
ত্রিশালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মত্স্য অফিসের এক মতবিনিময় সভা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ। ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামানের পরিচালনায় ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহসিন আলী, বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এবিএম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাঃ সম্পাদক আলমগীর কবীর, ত্রিশাল নিউজ ক্লাবের সাঃ সম্পাদক রেজাউল করীম বাদল প্রমুখ ।
ময়মনসিংহে কঙ্কালসহ ২ জন গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহের সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নের কুটরা কান্দা গ্রাম থেকে গত শুক্রবার বস্তাভর্তি মানুষের কঙ্কালসহ পাচারকারী চক্রের ২ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আকবর আলীর নেতৃত্বে পুলিশ সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নের কুটরা কান্দা গ্রাম থেকে বস্তা ভর্তি মানুষের কঙ্কাল নিয়ে সিএনজি দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাচারকারী চক্রের সদস্য এরশাদ (২৭) ও সাইফুলকে (৩০) হাতেনাতে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত পাচারকারী চক্রের সদস্য এরশাদ জানান, তারা দীর্ঘদিন ধরে সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের বিভিন্ন গ্রামের কবরখানা থেকে রাতের অন্ধকারে কঙ্কাল তুলে নিয়ে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩/৪ হাজার টাকায় বিক্রি করে।
আড়াইহাজারে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা গতকাল শনিবার সালমদী বাজারে অনুষ্ঠিত হয়। মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল। প্রধান বক্ততা ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম। উপস্থিত ছিলেন প্রফেসর আনোয়ার হোসেন সরকার ও বাবুল হোসেন।
সারিয়াকান্দিতে ভিজিএফের চাল বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল, চন্দনবাইশা, কুতুবপুর, সারিয়াকান্দি সদর ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র ১৫ হাজার ৪শ’ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উক্ত ভিজিএফের চাল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা টুকু, মোখলেছুর রহমান, সাহাম্মত করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম বেনজির রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
জেএমবি সদস্য নূর মোহাম্মদ গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহ শহরের কাঠ গোলা থেকে জেএমবি সদস্য নূর মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, গত বৃহস্পতিবার ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে জেএমবি সদস্য নূর মোহাম্মদ ওরফে রায়হান ওরফে আল মামুন জামিন পায়। আদালত থেকে জামিন পাওয়ার পর শুক্রবার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় কোতোয়ালী মডেল থানার পুলিশ শহরের কাঠ গোলা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূর মোহাম্মদের বাড়ি ময়মনসিংহের মুক্তগাছা উপজেলায়।
কটিয়াদীতে ডাকাতি, গ্রেফতার ১
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম কাঁঠালতলী গ্রামে মুর্শিদ আলীর বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। গতকাল শনিবার কটিয়াদী মডেল থানা পুলিশ ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আকবর আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা যায়, শুক্রবার ভোর রাতে কাঁঠালতলী গ্রামের মুর্শিদ আলীর বাড়িতে ঘরের টিন কেটে গৃহে প্রবেশ করে আট ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় ডাকতরা। ডাকাত দলের প্রহারে গৃহকর্তার মেয়ে রোজিনা (২০) ও বিলকিছ (১৮) আহত হয়। গত শুক্রবার কটিয়াদী মডেল থানায় একটি ডাকাতি মামলা রেকর্ড করা হয়। ওসি হেদায়েতুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মেহেরপুরের গাংনীতে আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুরের গাংনীতে আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন তার নিজ কার্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন। উপজেলার বিভিন্ন কলেজের ১১ জন ছাত্রছাত্রীকে ২৪শ’ টাকা ও হাইস্কুলের ৫১ জন ছাত্রছাত্রীকে ১৫শ’ টাকা করে মোট ১ লক্ষ ২ হাজার ৯শ’ টাকা বিতরণ করা হয়। টাকা বিতরণ কালে আদিবাসী সমপ্রদায়ের অভিভাবক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিয়াকৈরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে মৌচাক ফাঁড়ি পুলিশ গত শুক্রবার গভীর রাতে এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম মিরাজ ওরফে ফেন্সি সিরাজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফেন্সি সিরাজ উপজেলার রাখালিয়াচালা এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত্ সিরাজ উপজেলার সফিপুরসহ বিভিন্ন এলাকায় ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। সে একাধিকবার গ্রেফতার হলেও বারবার জেল থেকে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। শুক্রবার রাতে গোপনে সংবাদ পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ রাখালিয়াচালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তাকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ।
