অবসরে যাওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্র দলের গোলরক্ষক টিম হাওয়ার্ড। তিনি নিজেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবারের বিশ্বকাপের শেষ ষোলয় গত মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচিত হলেও অতিরিক্ত সময়ে ২-১ গোলের হার থেকে দলকে রক্ষা করতে পারেননি হাওয়ার্ড। সেই রাতেই এক খেলায় সর্বোচ্চ ‘সেভ’ এর বিশ্বকাপ রেকর্ড গড়েন ৩৫ বছর বয়সী গোলরক্ষক। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে পেরুর হয়ে ১৩ বার ‘সেভ’ করার রেকর্ডটি গড়েছিলেন র্যামন কুইরোজা।
যুক্তরাষ্ট্রের হয়ে ১০৪ ম্যাচে অংশ নেয়া এভারটনের এ বর্ষীয়ান ফুটবলারের মনে করছেন ইতোমধ্যেই তার যে বয়স, তাতে ২০১৮ বিশ্বকাপ খেলাটা তার জন্য দুরূহ হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে কি ঘটতে যাচ্ছে আমি জানি না। এই মুহূর্তে কোন কিছুই পরিষ্কার নয়। সত্যি বলতে কী এর ভবিষ্যত্ নিয়ে আমি কিছুই ভাবছি না।’
তিনি আরো বলেন, ‘ইনজুরিতে পড়ব, না আমি ফিট থাকব কিংবা খেলার ইচ্ছে থাকবে কিনা- এমন কোন কিছুরই নিশ্চয়তা নেই। তবে অনেক কিছুই নির্ভর করবে আমার শরীর স্বাস্থ্যের ওপর। সুতরাং এটা এমনই একটা ব্যাপার যে, অল্প কিছুদিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলব।’
গত এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনের সঙ্গে চার বছরের চুক্তি করা হাওয়ার্ড যদি আগামী বিশ্বকাপে না খেলেন তাহলে যুক্তরাষ্ট্র দলের পোস্ট সামলাতে পারেন অ্যাস্টন ভিলার ব্র্যাড গুজন।-বাসস
