শ্বশুর বাড়িতে জামাইয়ের ডাকাতি:শ্বশুর নিহত

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত শুক্রবার রাত ১টায় ডাকাতের হামলায় মাজেদ মিয়া নামে একজন নিহত ও তার মেয়ে নারগিস আহত হয়েছেন। নিহতের পরিবার জানায়, নারগিসের জামাই চুন্নু মিয়াসহ ৬/৭ জন ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে হানা দেয়। তারা নারগিসকে ব্যাপক মারধর করতে থাকে। এ সময় মাজেদ মিয়া মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে ডাকাতরা মাজেদ মিয়ার উপরও হামলা চালায়। তাদের হামলায় মাজেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। ডাকাতরা এ সময় বাড়ির প্রায় দুই লাখ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অবশ্য পুলিশ বলছে ডাকাতি নয়, হামলা। হত্যা নয়, হার্টএ্যাটাকে মৃত্যু। জানা যায়, পাহাড়িয়াকান্দি গ্রামের মাজেদ মিয়ার বড় মেয়ে নারগিসকে বিয়ে করেন একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে চুন্নু মিয়া। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। সমপ্রতি মাজেদ মিয়ার ছেলে আলামিন মালয়েশিয়া থেকে বাড়ি ফেরে। আলামিনের বিয়ে নিয়ে জামাই চুন্নু মিয়া শ্বশুর বাড়ি গিয়ে শ্যালকদের নতুন করে বিরোধ করে। কয়েকদিন পূর্বে চুন্নু মিয়া শ্যালক আলামিনকে রাস্তা থেকে ধরে নিয়েও মারধর করে। ইউপি চেয়ারম্যান আবদুল গনি তালুকদার বলেন, মাজেদ মিয়ার মেয়ের জামাই চুন্নু মিয়াই পরিকল্পিত উপায়ে ডাকাতি করিয়েছে। শ্বশুর বাড়ির সাথে জামাইয়ের টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিলো। তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই বাঞ্ছারামপুর থানার ওসি অংশুমান দেব সাংবাদিকদের নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। তিনি ডাকাতির বিষয়টি এড়িয়ে যান। বাঞ্ছারামপুর থানা পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। জামাই চুন্ু্ন মিয়াকে পাহাড়িয়াকান্দি থেকেই গ্রেফতার করেছে।