জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ ড্রাম চোরাই পামওয়েল তেল উদ্ধার করেছে। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার গোল¬া হাইওয়ে সড়ক থেকে ট্রাকসহ ওই তেল ছিনতাই হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার ভোরে সোহেল ও শহিদ নামে আন্তঃজেলা চোরাকারবারী দলের দুইজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন জানান, গোয়েন্দা ও থানা পুলিশ অভিযান চালিয়ে আরামনগর বাজারের কালাচান ওরফে কালা সাহার গুদাম থেকে ১০ ড্রাম, বয়ড়া বাজারের কালাম মিসকিনের ছেলে রাসেলের গুদাম থেকে ৪০ ড্রাম ও জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজারের সুলতান শিকদারের গুদাম থেকে ১০ ড্রাম তেল উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের উল¬াপাড়া উপজেলার ব্যবসায়ী আজাদ মিয়া বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে ৬০ ড্রাম পামওয়েল তেল নিয়ে নিজ এলাকায় রওয়ানা দেন। ট্রাকটি বাসাইল গোল¬া হাইওয়ে সড়কে পৌঁছলে সংঘবদ্ধ আন্তঃজেলা চোরাকারবারী ডাকাত দল অস্ত্রের মুখে তেল ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী আজাদ বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
