পীরগাছায় কাবিটা প্রকল্প কাগজে আছে বাস্তবে নেই

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৬
রংপুরের পীরগাছায় কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পগুলোর অবস্থা হয়েছে কাজীর গরুর মত। কাগজে আছে কিন্তু গোয়ালে তাদের হদিস মেলে না। গত ৩০ জুনের মধ্যে ভুয়া বিল ভাউচার দেখিয়ে প্রকল্পের বিপরীতে বরাদ্দ পাওয়া টাকা নিজেদের পকেটস্থ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত অর্থ বছরের শেষ সময়ে পীরগাছা উপজেলায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের বিপরীতে ৯৩ লাখ টাকা বরাদ্দ আসে। এর মধ্যে ৪০ লাখ টাকার ২৭টি প্রকল্পের বিপরীতে স্থানীয় সাংসদ নিজে ও ৫৩ লাখ টাকার বিপরীতে ৩০টি প্রকল্প উপজেলা পরিষদ কতৃক বাস্তবায়ন দেখানো হয়। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার নিয়ম থাকায় শেষ সময়ে বরাদ্দ আশায় অল্প সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই তড়িঘড়ি করে কাগজে-কলমে তা বাস্তবায়ন দেখান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এমপি’র ২৭টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পেরও বাস্তবায়ন হয়নি। কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও মাঠ পর্যায়ে প্রকল্পের কোন হদিস মিলেনি। গত ৩০ জুনের মধ্যে ভুয়া বিল ভাউচার দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে সমুদয় অর্থ উত্তোলন করা হয়। উপজেলা পরিষদের ৫৩ লাখ টাকার বিপরীতে ৩০টি প্রকল্পের খোঁজ নিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কর্তৃপক্ষের যোগসাজসে কাবিটা প্রকল্পের কাজ কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে নামমাত্র কাজ সম্পন্ন করেন। একাধিক স্থানে প্রকল্পের কাজ না করেই ভুয়া বিল ভাউচার দিয়ে প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে আত্মসাত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বলে একাধিক অভিযোগে জানা যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, প্রতি বছরই এ রকম অনিয়ম হয়। এবারো হয়েছে। কিছু জানার দরকার থাকলে ইউএনও’র কাছে জানেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।