সৈয়দপুরে অপরাধীচক্রকে পুলিশে দেয়ার আহবান ছাত্রলীগের

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৬
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত একটি মহল ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করতে তত্পর হয়ে উঠেছে। তাদের সম্পর্কে সাবধান থাকতে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্যবসায়ী সমাজসহ সৈয়দপুরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। এ বিষয়ে ওইসব অপরাধীদের ধরে পুলিশে সোপর্দ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংবাদপত্রে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই আহবান জানানো হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব সোহাগ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকে কতিপয় অপরাধীসহ একটি মহল চাঁদাবাজি করে দলের সুনাম নষ্ট করছেন।