গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের সাথে নির্মমভাবে খুন হওয়া মনিরুজ্জামান স্বপনের গাড়ি চালক জাহাঙ্গীর আলমের স্ত্রী সামছুন্নাহার নূপুরের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ লেডিস ক্লাব।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন্নাহার নূপুর। সেই সন্তানকে দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। নবজাতকের নাম রাখেন ‘রওজা’। এ সময় নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিও উপস্থিত ছিলেন। সিটি মেয়র আইভী জাহাঙ্গীরের স্ত্রীকে ২৫ হাজার টাকা ও নজরুলের স্ত্রী বিউটি ১০ হাজার টাকা দেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সহধর্মিণী নারায়ণগঞ্জ লেডিসক্লাবের সভানেত্রী শামীমা আরাসহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের স্ত্রীরা সামছুন্নাহারকে দেখতে হাসপাতালে যান। তিনি সামছুন্নাহারের নবজাতক রওজাকে কোলে নেন। রওজার জন্য তৈরি পোশাক ও সামছুন্নাহারের জন্য ফলমূলসহ লেডিস ক্লাবের পক্ষ থেকে তার হাতে নগদ টাকা তুলে দেয়া হয়।
শামীমা আরা বলেন, সামছুন্নাহারের বিপদের সময় আমরা এগিয়ে এসেছি। লেডিস ক্লাব ভবিষ্যতেও সামছুন্নাহারের পাশে থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব-এর সহধর্মিণী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমানের সহধর্মিণী, এনডিসি আবুল কাশেম মোহাম্মদ শাহীন।
নিহত জাহাঙ্গীরের ছোট ভাই রিপন বলেন, জাহাঙ্গীরের পরিবার অত্যন্ত অসহায়। নবজাতকের ভবিষ্যতের খরচ বহন করা নিয়ে তার পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এজন্য বিত্তবানদের তিনি এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
