শনিবার বিকালে টঙ্গীর সাতাইশ দাড়াইল রোডের চৈতি কমপ্লেক্সের ৭ তলা ভবনের ৪ তলার এসএস ও ফেইম সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বিপুল পরিমাণ তৈরি পোশাক, মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে যায়। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের আধাঘণ্টা পূর্বে বিকাল ৪টায় গার্মেন্টস ছুটি হলেও বেশকিছু শ্রমিক কর্মস্থলে থাকায় আগুন আতংকে তড়িঘড়ি করে নিচে নামতে গিয়ে ২৫ জন আহত হয় বলে খবর পাওয়া গেছে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসসূত্র জানায়, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এসএস সোয়েটার কারখানা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পাশের ফেইম সোয়েটার কারখানায় ছড়িয়ে পড়ে। এতে দুটি কারখানার তৈরি পোশাক, মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে যায়। টঙ্গী, গাজীপুর ও ঢাকার কুর্মিটোলার ৭টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে তৈরি পোশাক কারখানা দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিমাণ নিরূপণ করা যায়নি। টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আগুনে কমপক্ষে ২৫ শ্রমিক আহত হয়েছে।
