বৃহত্তর ময়মনসিংহের জাসদের সুধী ও প্রতিনিধি সমাবেশে জাসদের সভাপতি ও বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামী নির্বাচন ও সংলাপ প্রসঙ্গে বলেছেন, ইদানীং কেউ বলছেন সিদ্ধ নির্বাচন চাই। আমরা সিদ্ধ গণতন্ত্র চাই। আগে সিদ্ধ গণতন্ত্রের জন্য সংলাপ হোক তারপরে সিদ্ধ নির্বাচনের জন্য আলোচনা করা যেতে পারে। সুতরাং যারা সংলাপ ও সিদ্ধ নির্বাচনের কথা বলেন তাদেরকে বলবো, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত্ জঙ্গি নিয়ে হবে, নাকি না নিয়ে হবে সেই ব্যাপারে একটা জাতীয় সংলাপ প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্রের নামে জঙ্গিবাদ রক্ষার চেষ্টা চলছে।
গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত সুধী ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, জাসদ নেত্রী লুত্ফা তাহের এমপি, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, এডভোকেট হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান প্রমুখ।
