অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রীয় মালিকাধীন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। ঋণ জালিয়াতির অভিযোগের মুখে শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে গিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আজ রবিবার ব্যাংকের নতুন চেয়ারম্যান বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
গতকাল দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, শেখ আবদুল হাই বাচ্চুর পদত্যাগপত্র তিনি হাতে পেয়েছেন। আজ রবিবার নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে। পর্ষদও ঢেলে সাজানো হবে। একইসঙ্গে আর্থিক কেলেঙ্কারির সব বিষয়ে তদন্ত করা হবে। অনিয়ম ও দুর্নীতির জন্য যারা দায়ী তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান বিষয়ে অর্থমন্ত্রী বলেন, চেয়ারম্যান হিসেবে একজনকে ঠিক করা হয়েছে। তিনি একজন খ্যাতিমান ব্যাংকার। এর আগে তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডির দায়িত্ব পালন করেছেন। কে তিনি, এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কালকেই জানতে পারবেন। কালই প্রজ্ঞাপন হবে।
জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা সম্প্রতি ধরা পড়ে। এ ব্যাংকের এসব ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু সরাসরি জড়িত এবং তিনিই এগুলো নিয়ন্ত্রণ করতেন- এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে বাংলাদেশ ব্যাংক। সে তদন্তে অভিযোগের প্রমাণও পাওয়া গেছে বলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে। বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজনের সঙ্গে সখ্যতা রয়েছে এমন পরিচয় দেয়া শেখ আবদুল হাই বাচ্চু ও বর্তমান পর্ষদের কারণেই এ ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত্ হয়েছে। এমন অবস্থায় পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গত ২৯ মে অর্থমন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে সে সময় অর্থমন্ত্রী বলেছিলেন পর্ষদ ভেঙ্গে দিলে এসব অনিয়মের দায়িত্ব কে নেবে? এজন্য পর্ষদ ভাঙ্গা হবে না। পুনর্গঠন করা হবে এবং খুব শিগগিরই তা করা হবে।
ঋণ বিতরণে অনিয়মের কারণে ২৬ মে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। তার আগে ১৭ এপ্রিল একই কারণের ব্যাংকের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণে সবচেয়ে অনিয়ম করা গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার ঋণ বিতরণও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
২০০৯ সালের সেপ্টেম্বর মাসে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক এমপি শেখ আবদুল হাই বাচ্চু। পরে ২০১২ সালের সেপ্টেম্বরে আরো দুই বছরের জন্য একই পদে পুন:নিয়োগ পান তিনি। সে অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
