নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২৩:০০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সরকার পতনে ঈদের পর থেকে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতিও নেয়া হচ্ছে। শনিবার রাজধানীর মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারকে হঠাতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ঈদের পর তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন ঘটবে। মির্জা ফখরুল বলেন, সংগঠনের কার্যক্রম ও কমিটি পুনর্গঠন চলমান একটি প্রক্রিয়া। এটি এগিয়ে চলছে। আমরা সংগঠন গুছানোর কাজ করছি। নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছি। সামনে আন্দোলনের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত আমরা। তিনি বলেন, আমাদের দুর্বল ভাবার কোন অবকাশ নেই। গত ৩০ জুন ইস্কাটন লেডিস ক্লাবে খালেদা জিয়ার ইফতার পার্টি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিদার।