পাহাড়ীদের উচ্ছেদকে আড়াল করার জন্য সরকারি মদদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) প্রতিনিধিদের ওপর হামলা করা হয়েছে। গতকাল শনিবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় নেতৃবৃন্দ এ মত প্রকাশ করেছেন। তারা কমিশন প্রতিনিধিদের যথাযথ চিকিত্সা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতা এ্যাডভোকেট আবদুস সালাম, আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, বাচ্চু ভুইয়া, আবু বকর রিপন, শ্যামলী শীল, প্রবীর সাহাসহ অন্যরা।
সভায় এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে সরকারি বেসরকারিভাবে পাহাড়ীদের ভূমি দখল করার জন্য সবসময়ই জাতিগত দ্বন্দ্ব ও সংঘাত টিকিয়ে রাখা হয়। খাগড়াছড়ির দীঘিনালায় একই ঘটনা ঘটেছে। উগ্র বাঙালি জাতীয়তা বিষয়ক সরকারি নীতি ও পরিকল্পনা পরিহার করে সকল জাতির মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হলে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে আদিবাসী পাহাড়ীরা তাদের নিজ ভূমিতে নিরাপত্তা ও আস্থা নিয়ে বসবাস করতে পারেন।
