সেলিব্রেটিদের নারী প্রীতি খুব একটা অস্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় না। ব্রাজিল বিশ্বকাপে এ গ্রহের ফুটবল জাদুকর মেসির সঙ্গে যার নাম সমানভাবে উচ্চারিত হচ্ছে সেটি ব্রাজিলিয়ান তারকা নেইমার। (যদিও কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে পিঠে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকা।) নেইমারের গার্লফ্রেন্ড নিয়েও যে হইচই থাকবে খুব স্বাভাবিক। খেলায় বার্সা সতীর্থ মেসিকে গুরু মানলেও ব্যক্তিজীবনে যেন নিজস্ব পথই অনুসরণ করেন নেইমার। জীবনটাকে একটু রঙচঙ ঢেলেই যেন উপভোগ করতে চান। ২০১১ সালের আগস্টে মাত্র ১৯ বছর বয়সে বাবা হন। এক সম্পর্কহীন সঙ্গী ক্যারোলিনা দান্তোস সাও পাওলোতে জন্ম দেন ডেভিড লুক্কা নামে ওই সন্তানের। নেইমার স্বীকার করেন সন্তানের খবর পেয়ে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। পরে অবশ্য বাবা হওয়ার বিষয়টি এনজয় করেছেন বলেই জানিয়েছেন তিনি। ছেলে দাভিদের মা ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে সেই কবে। এরপর নেইমারের হূদয়ের লেনাদেনার খবর পাওয়া যায় ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে। একবছরেরও বেশি সময় তারা ডেটিং করেন। এই সম্পর্কেরও পরিসমাপ্তি ঘটে এবছর ভালোবাসা দিবসের দিন কয়েক আগে। তবে ব্রাজিল ও তার এক সময়ের মনের মানুষ নেইমারের খেলা দেখতে ব্রুনা স্টেডিয়ামে হাজির হয়েছেন ঠিকই। গণমাধ্যমের ক্যামেরাগুলো এমনটিই জানিয়েছে।
এরপর তার সঙ্গী পাল্টেছে মাঝে মাঝেই। তার বর্তমান প্রেমিকা গ্যাব্রিয়েলা লেনজি। আগের সঙ্গী ব্রুনার মত ২০ বছর বয়সী গ্যাব্রিয়েলাও ব্রাজিলিয়ান মডেল। এদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানাজানি হয় ইনস্ট্যাগ্রামে তাদের যুগল ছবি প্রকাশ পেলে। এছাড়া ব্রাজিলের সাও-পাওলোতে জন্ম নেওয়া এই সুপার মডেলের সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাতেও ধরা পড়েছেন নেইমার। এদিকে বিশ্বকাপের প্রাক্কালেই এক বিতর্কের ঝড় ওঠে। প্যাট্রেসিয়া জর্দান নামে এক নারী প্লেবয়ের ব্রাজিলিয়ান সংস্করণে দাবি করেন তার সঙ্গে নেইমারের সম্পর্ক ছিলো।
এরপর আদালতে নেইমার আর্জি দিয়েছিলেন ব্রাজিল থেকে প্রকাশিত প্লে-বয়ের চলতি সংখ্যা বাজার থেকে তুলে নিতে হবে। কারণ এতে তার ফুটবল ক্যারিয়ারের আইনি অভিভাবক এন আর স্পোর্টস এর প্যাট্রিসিয়া জর্দানকে নেইমারের ইমপোস্টার গার্লফ্রেন্ড বা স্বঘোষিত বান্ধবী হিসেবে চিহ্নিত করেছে। নেইমার স্বঘোষিত বললেও নেইমারের অসংখ্য রোমান্টিক ছবি রয়েছে প্যাট্রিসিয়ার সঙ্গে। অবশ্য সাও পাওলোর একটি আদালত নেইমারের সাবেক বান্ধবী প্যাট্রিসিয়া জর্দানের একটি সেক্সি পোজ সংবলিত প্লে-বয় পত্রিকার কপি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। প্যাট্রিসিয়া দাবি করেন, ২০১৩ সালে তারা দুজনে একসঙ্গে তিন মাস ডেটিং করেছিলেন। প্যাট্রিসিয়া-নেইমার প্রেমের অবসান ঘটে যখন নেইমার তার বর্তমান বান্ধবী ব্রাজিলিয়ান টিভি তারকা ব্রুনো মার্কেজিনের প্রেমে পড়েন। সঙ্গী সাথী বদলের বাতিক খ্যাতিমানদের জন্য দোষের না, তারাওতো মানুষ।
