কাজ শেষের এক মাসের মধ্যে ভেঙ্গে যাচ্ছে

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:২০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শেষ হওয়ার একমাস যেতে না যেতেই ২০ থেকে ৩০টি স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এলাকাবাসীর অভিযোগ- ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা যায়, সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কাঁশবনের তত্ত্বাবধানে ৩১ লাখ টাকা ব্যয়ে গত মে মাসে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চারমাথা থেকে বাঁধন ফিলিং স্টেশন পর্যন্ত ৪৫০ মিটার সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হয়। সরেজমিন গিয়ে দেখা গেছে ২০ থেকে ৩০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় এসব গর্তে যানবাহন পড়ে বিকল ও দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নিম্নমানের বিটুমিন দিয়ে এই সড়ক সংস্কার কাজ করায় কাজ চলাকালীন অনেক স্থানে কার্পেটিং উঠে যায়। কিন্তু তারপরেও ঠিকাদার প্রতিষ্ঠান জোড়াতালি দিয়ে কোনরকমে কাজ শেষ করে বিলের টাকা উত্তোলন করেন। তবে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল হক প্রধান বলেন, বৃষ্টির কারণে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেহেতু ঠিকাদার প্রতিষ্ঠানের জামানতের টাকা একবছর ব্যাংকে গচ্ছিত থাকবে তাই ঠিকাদারই এই গর্তগুলোতে সংস্কার করে যান চলাচলের উপযোগী করবে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।