নানা সংকটে চুনারুঘাট সরকারি কলেজ

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:২০
হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষক ও নানা সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। কলেজটি সরকারিকরণ করা হয় ১৯৮৬ সালে। এর পর থেকে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কলেজ শুরু থেকেই ঐচ্ছিক কোন বিষয় নেই। দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান বিষয় খোলার দাবি থাকলেও তা পূরণ হচ্ছে না। এ অবস্থায় এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা পার্শ্ববর্তী জেলা কিংবা অন্য কলেজে ভর্তি হচ্ছে। যার ফলে কলেজটি দিন দিন ছাত্র সংকটে পড়ছে। ২০১২-২০১৩ সেশনে ডিগ্রি ক্লাসে মাত্র ২ জন ছাত্র। বর্তমানে ৫শ’ ৪৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে চুনারুঘাট সরকারি কলেজ। শিক্ষক সংকট ও সাবজেক্ট সমস্যা থাকায় ছাত্র-ছাত্রীরা পড়েছেন বিপাকে। কলেজে কোন গ্রন্থাগারিক না থাকায় লাইব্রেরীতে রক্ষিত বইগুলো নষ্ট হচ্ছে। শরীর র্চচা শিক্ষকের পদ শূন্য। কলেজে নিজস্ব কোন খেলার মাঠ নেই। ছাত্রাবাস না থাকায় দূর-দূরান্তের ছাত্র-ছাত্রীদের কলেজে আসা-যাওয়ায় দারুণ অসুবিধা হয়। কেন্টিন নেই। কম্পিউটার অপারেটর না থাকার ফলে কলেজে রক্ষিত ৪টি কম্পিউটার নষ্ট হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ জানান, বর্তমানে পৌরনীতির ২ জন ও ব্যবস্থাপনার ১ জন প্রভাষকের পদ শূন্য রয়েছে।