কমলগঞ্জে ইউরিয়া সার সংকট

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:২১
কমলগঞ্জে চলতি আউস মৌসুমে ছোট দানার ইউরিয়া সারের তীব্র সংকট নিয়ে পত্রিকায় সংবাদ হওয়ার পরও কারখানার পুরনো নিম্নমানের সার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষকদের চাহিদাকৃত ছোট দানার সার সরবরাহ না হওয়ায় কৃষকরা চাকা চাকা সার ব্যবহারে অনিহা প্রকাশ করছেন। ফলে বিপাকে পড়েছেন ডিলাররা। সম্প্রতি ইত্তেফাকসহ বিভিন্ন দৈনিকে কমলগঞ্জে সার সংকটের সংবাদ প্রকাশ হওয়ায় সংশ্লিষ্ট বিভাগের দৌড়ঝাপ শুরু হয়েছে। জানা যায়, কমলগঞ্জে ইউরিয়া সারের সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ বিভাগের মৌলভীবাজারের উপ-পরিচালক ড. এস এম আফছারুজ্জামান সরেজমিন তদন্ত করেন। রবিবার কৃষি মন্ত্রণালয়ের সিলেট বিভাগের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব অনুমোদিত ডিলারদের সাথে কথা বলে কমলগঞ্জের ছোট দানার ইউরিয়া সারের সংকট সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এ নিয়ে গত দুই দিনে সার ডিলার, কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি মন্ত্রণালয় ও ফেঞ্চুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মাঝে দৌড়ঝাঁপ শুরু হয়।