বিরতিহীন পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৩৩
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ কর্তৃক বিরতিহীনভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সচেতন ছাত্র সমাজের ব্যানারে গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো: জেনায়েদ হোসেন বলেন, একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও মাননীয় মন্ত্রী ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মন্ত্রীর বিরতিহীন সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। একই ক্লাসের শিক্ষার্থী মো:ফয়সাল আহমেদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায়ভার সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। শিক্ষার্থীরা মন্ত্রীর এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।