নাফ নদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ট্রলার জব্দ

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:০৩
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনা থেকে এক লক্ষ ৭০ হাজার ইয়াবা বড়িসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুর সাড়ে বারোটায় শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনায় বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ ফিশিং ট্রলারটি জব্দ করে। বিজিবির সূত্র জানায়, ৬ জুলাই রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনায় অভিযান চালালে ট্রলার ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে জালের ভেতর থেকে পলিথিন মোড়ানো এক লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। মাদক পাচারকারীরা মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ায় কাউকে আটক করা যায়নি। টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধারকৃত ইয়াবা বিজিবির সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং ট্রলারটি শুল্ক গুদামে জমা দেয়া হবে।