ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাত শিশুকে উদ্ধার করা হয়। শনিবার বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের ইকতারপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।
আটক অপহরণকারীর নাম মোঃ বাচ্চু মিয়া ও মানিক মিয়া। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের ধন মিয়ার ছেলে মোঃ শাহীন (৫), একই গ্রামের মানিক মিয়ার ছেলে লোকমান (৬), রফিক মিয়ার ছেলে রাকিব মিয়া (৭), বশির মিয়ার ছেলে হানিফ মিয়া (৬), নিলু মিয়ার ছেলে রকিবুল (৬), তাহের মিয়ার ছেলে হূদয় (৬) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের কামাল মিয়ার ছেলে মুস্তাকিন (৭)। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
স্থানীয় ইকতাপুর হাই স্কুলের সভাপতি ফরাস উদ্দিন জানান, শনিবার বিকালে হরষপুর ইউনিয়নের ইকতারপুর গ্রামের একটি স্কুলের সামনে দাঁড়িয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলো সাত শিশুসহ কয়েক ব্যক্তি। বিষয়টি গ্রামবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া করে দুইজনসহ সাত শিশুকে আটক করে। অন্য অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের নিকট সোপর্দ করা হয়। হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া বলেন, এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি আমি জেনেছি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রসুল আহমেদ নিজামী সাত শিশুকে উদ্ধারের কথা স্বীকার করে জানান, আমরা অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ করেছি।\
