‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্ত কোনো সমধান নয়’ তাই সরকারি ছুটির দিন ছাড়া পাবলিক পরীক্ষার মধ্যে আর কোনো বিরতি থাকবে না বলে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের ঘোষিত সিদ্ধান্ত বদলের আবেদন জানিয়েছে রাজশাহীর শিক্ষার্থীরা।
শনিবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এই আবেদন জানান। মানববন্ধন শেষে রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হল- প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, এইচএসসি পরীক্ষার সময় পর্যাপ্ত ছুটি, সকল পাবলিক পরীক্ষার সময় বৃদ্ধি, গতানুগতিক শিক্ষা পদ্ধতির ধারা অব্যাহত ও এইচএসসি ২০১৫ ব্যাচকে বারবার বিভ্রান্ত না করা এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে মানববন্ধন ও সমাবেশ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত বদলের দাবিতে আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন ও সমাবেশ করবে শিক্ষার্থীরা।
