মেসি মরুভূমিতে পানির মতো :সাবেলা

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:১৩
দীর্ঘ ২৪ বছর পর আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিতের পর কোচ আলেসান্দ্রো সাবেলা তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন। ব্রাসিলিয়ায় গত শনিবার রাতে শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামকে ১-০ গোলে হারানোর পর মেসিকে ‘মরুভূমির বুকে পানি’ বলে উল্লেখ করেছেন আর্জেন্টিনা কোচ! মেসি বেলজিয়ামের বিপক্ষে গোল না পেলেও সাবেলা বলেছেন,‘গোল ছাড়াও একটি ম্যাচে অনেক দৃশ্যপট থাকে। যখন আপনি মেসির মতো একজন খেলোয়াড় পাবেন যে কি-না কখনোই বল হারায় না, তাকে আপনি মরুভূমির বুকে পানি ভাবতে পারেন।’ কোয়ার্টার ফাইনালে কোনো ব্যক্তিগত সাফল্য পাননি মেসি। এমনকি ইনজুরি সময়ে গোলের দারুণ একটি সুযোগ পেলেও বেলজিয়ামের জালে পাঠাতে পারেননি তা। বার্সেলোনার এই তারকা খেলোয়াড় গোল না পেলেও ১৯৯০ সালের পর প্রথম সেমিফাইনালে নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার। একেবারে গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দু’বারের চ্যাম্পিয়নরা। এরপরও সংবাদ সম্মেলনে তারকা মেসির প্রশংসা করতে ভুললেন না আর্জেন্টিনা কোচ সাবেলা, ‘আমি মনে করি সত্যিকার অর্থেই মেসি অনেক ভাল খেলেছে। গোলই সবকিছু নয়। বল দখলে রাখতে পেরেছে সে। তাছাড়া প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে নিজের দিকে টেনে এনে সুবিধাজনক স্থানে সতীর্থকে বলও দিয়েছে সে। প্রতিবারই তার বল পাওয়া আমাদের সবার মধ্যে আশার সঞ্চার করেছে এবং আমাদের প্রতিপক্ষের জন্য আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। সে গোল পাক বা না পাক, তার প্রভাব সবসময় খেলার ফল নির্ধারণে অবদান রাখে।’