শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনাসহ দুই জন আটক

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:১৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় ৭ কেজি ৬৩২ গ্রাম সোনাসহ দুই জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃতরা হলেন শাহিনুর আলম ও মঞ্জুরুল হক সুমন। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা। গতকাল রবিবার ভোর ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-০৮৭) একটি ফ্লাইট মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দারা এ ফ্লাইটের যাত্রী শাহিনূর আলমের দেহ তল্লাশি করে ছয় কেজি ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করেন। এসব সোনার বারগুলি তার পায়ের মোজার মধ্যে স্কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় রাখা ছিল। এদিকে সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা আরব আমিরাত এয়ার লাইন্সের (ইকে-০৫৮২) একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটের যাত্রী মঞ্জুরুল হক সুমন ফ্লাইট থেকে নেমে মালামাল নিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হচ্ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালিয়ে ১ কেজি ৬শ’ ৩২ গ্রাম সোনা উদ্ধার করেন। তার শরীরে বেল্টের ভেতর এ সোনা রাখা ছিল।